স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। প্রথম ধাপে ৫ এপ্রিল ১৮ জেলার ৩০ উপজেলায় কর্মসূচি চালু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করা হয়। ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চালু হয়, যা এখনও চলমান।
এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকা পেয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা বিভাগে—৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন। এরপর চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ এবং রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ শিশু টিকা পেয়েছে।
এদিকে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে নতুন করে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করবে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, নতুন কর্মসূচির মূল লক্ষ্য কোনো শিশুকে টিকাদান থেকে বাদ না দেওয়া।
বার্তা নিউজ/এসএফএল












