শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে। তবে এজাহারে আসামির সংখ্যা কত উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। নিখোঁজের ঘটনায় ওই দিনই তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে তুহিন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে।






_original_1789818270.webp)




