নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়া এবং নানার বাড়ি চাঁদপুর হলেও গন্ধমতি এলাকার নিজস্ব বাড়িতেই তার জন্ম ও বেড়ে ওঠা। তাই পরিবারের ইচ্ছায় এখানকার স্থানীয় কবরস্থানেই তাকে চিরনিদ্রায় শায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য আরও জানান, রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ১০টার দিকে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ গন্ধমতি এলাকায় নিয়ে আসা হলে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।
উল্লেখ্য, বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে অনুসন্ধানে নামে পুলিশ। পরদিন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন ও আনাস নামের দুই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।













