১৯ বছর বয়সে অনেক স্বপ্ন নিয়ে গড়ে তোলা বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় চরম হতাশায় পড়েছেন সদ্য এইচএসসি পাস করা এই তরুণ।
জানা যায়, উপজেলার ডাঙ্গী বাজার এলাকায় প্রায় ৫০ শতক জমি নিয়ে আঙুরের বাগান গড়ে তোলেন রাহাত। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ছয় মাস আগে তিনি সেখানে ৩০০টি আঙুরগাছ রোপণ করেছিলেন।
রাহাতের অভিযোগ, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ১০০ থেকে ১৫০টি গাছ কেটে ফেলে। এর মধ্যে ফল ধরা বেশ কয়েকটি গাছও ছিল। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ক্ষতিগ্রস্ত বাগান দেখতে এসে রাহাতের বন্ধু সোহাগ হাসান বলেন, অনেক স্বপ্ন নিয়ে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে বর্ষা এ উদ্যোগ নিয়েছিল। গাছগুলো কেটে দেওয়ায় সে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
বাগানের ক্ষতির চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। পথচারী ও স্থানীয় বাসিন্দা সম্ভু রায় সিংহ বলেন, প্রতিদিন যাতায়াতের পথে তিনি বাগানটি দেখতেন। গাছ কেটে ফেলার খবর শুনে ভেতরে এসে এমন দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জমির সাবেক চাষি মশিরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন এ জমিতে চাষাবাদ করতেন। রাহাতের আঙুর বাগানের উদ্যোগ দেখে তিনি জমিটি ছেড়ে দেন। তাঁর আশা ছিল, এই উদ্যোগ সফল হলে এলাকার অন্য কৃষকরাও আঙুর চাষে আগ্রহী হবেন। কিন্তু এমন ন্যক্কারজনক ক্ষতি দেখে তিনি স্তব্ধ।
প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা করছেন রাহাত ও এলাকাবাসী।





.webp)





