এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের সেমিফাইনালে পা রাখল টাইগ্রেসরা। সবশেষ আসরের সেমিফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তবে সেবার ১০ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছিল তাদের। এবার অবশ্য শক্তিশালী ভারতের চোখে চোখ রেখে নিজেদের সেরাটা উজার করে দিতে চান বাংলাদেশ অধিনায়ক।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে নিগার সুলতানা জ্যোতি জানান, ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হলেও তারা নিজেদের শতভাগ দিয়ে সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করবেন। ফলের চেয়ে নিজেদের পুরো সামর্থ্য মাঠে প্রয়োগ করাই এখন তাদের মূল লক্ষ্য।
দলের অন্যতম ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও ম্যাচটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। শেষ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করা এই ব্যাটার জানান, ইতিবাচক মানসিকতা রাখলে কোনো চাপ থাকে না। ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে সমীহ করলেও তাদের বিপক্ষে খেলাটাকে উপভোগ করার এবং চ্যাম্পিয়ন হতে হলে এমন দলের মুখোমুখি হয়েই এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
বোলিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা পেসার মারুফা আক্তার, যিনি চলতি আসরে তিন ম্যাচে ইতোমধ্যে শিকার করেছেন ৭ উইকেট। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। আজ রাতে সেই সোনালী স্মৃতি ফিরিয়ে এনে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে জ্যোতি বাহিনী।
বার্তা নিউজ/হাদী












