প্যালেস্টাইন টিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হেবরনের উত্তরাঞ্চলীয় বেইত উম্মার এলাকায় একটি বাড়ির কাছে পাঁচ শিশুর ওপর অস্ত্র তাক করে চিৎকার করছে এবং তাদের হাত তুলে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছে এক সশস্ত্র ইসরায়েলি।
পৃথক আরেক ঘটনায় সালফিতের পূর্বাঞ্চলে নিজেদের জমিতে অবস্থানকালে দখলদারদের নির্মম মারধরে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মানবাধিকার সংস্থা আল-বাইদার জানায়, রামাল্লা-নাবলুস সড়কের কাছে ফিলিস্তিনিদের ফসলি জমিতে আগুন ধরিয়ে ক্ষতিসাধন করেছে দখলদাররা। এছাড়া রামাল্লার পূর্বের দেইর জারির গ্রামে ঢুকে বাড়িঘরের কাছে তাজা গুলি চালিয়েছে তারা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
প্যালেস্টাইন কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্যমতে, গত আগস্ট মাসেই অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পুরো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা।
বার্তা নিউজ/এসডব্লিউএন












