স্থানীয় ও ট্রেন সূত্রে জানা গেছে, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন অতিক্রম করার পর থেকেই চাকার নিচ থেকে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। ট্রেনটি যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের কড্ডা ও শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছাকাছি পৌঁছালে একটি বগির চাকার পুরো অংশ রেললাইনের ওপর ভেঙে পড়ে। এতে চাকাটি লাইন থেকে ছিটকে পাশের খাদে থাকা একটি গাছে আটকে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও সব যাত্রী নিরাপদে ট্রেন থেকে নেমে আসতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ও শহীদ এম মনসুর আলী স্টেশনের ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তা পৌঁছালেই উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে, ব্যস্ততম এই রেললাইনে দুর্ঘটনা ঘটায় যমুনা সেতুর উভয় প্রান্তে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।










