কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে কার্ডিফের সোফিয়া গার্ডেনে গ্ল্যামারগানের বিপক্ষে ইনিংস ও ২৫৭ রানের বিশাল জয় পেয়েছে সুতারের দল ওয়ারউইকশায়ার। প্রথম ইনিংসে ৩৯১ রান করা ওয়ারউইকশায়ার স্বাগতিকদের দুই ইনিংসে যথাক্রমে ৬৯ ও ৬৫ রানে গুটিয়ে দেয়।
ম্যাচের দুই ইনিংস মিলিয়ে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছেন সুতার। গ্ল্যামারগানের প্রথম ইনিংসে পেসারদের দাপটে মাত্র তিন বল করার সুযোগ পান তিনি। তাতেই ১১ নম্বর ব্যাটার মির হামজাকে বোল্ড করেন এই স্পিনার।
দ্বিতীয় ইনিংসে কিছুটা বেশি সময় বোলিংয়ের সুযোগ পান সুতার। ইনিংসের ২৪তম ওভারে আক্রমণে এসে প্রথম ওভারটি মেডেন দেন। নিজের পরের ওভারে মাত্র চার বলের ব্যবধানে উইকেটকিপার ক্রিস কুক ও ১০ নম্বর ব্যাটার জেমি ম্যাকইলরয়কে বোল্ড করে ফেরান তিনি।
সব মিলিয়ে ম্যাচে সুতারের বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ২.১ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এমন দ্বিতীয় ঘটনা। এর আগে ১৮৯৫ সালে দ্য ওভালে সারির বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে একই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি টম হেওয়ার্ড। দুই ইনিংস মিলিয়ে ছয় বল করে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
চলতি মৌসুমটা সুতারের জন্য স্বপ্নের মতো কাটছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই ৭ উইকেট নেন তিনি, যার মধ্যে এক ইনিংসে ছিল ৬ উইকেট। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি স্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের মাত্র তিন দিন পর ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে উড়ে যান সুতার। সেখানেও অব্যাহত রয়েছে তার দাপট। দলটির হয়ে আট ইনিংসে এরই মধ্যে ২১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে সামারসেটের বিপক্ষে রয়েছে পাঁচ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্স।
বার্তা নিউজ/ আরএফই












