শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাঁর নেতৃত্বেই এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় এই বিশেষ অভিযান শুরু হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮/ইস্ট এলাকার বিভিন্ন ব্লকে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন হিসেবে জুবায়েরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের হেফাজতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে শুক্রবার রাত ১টা ২৫ মিনিটের দিকে আটক জুবায়েরের শনাক্ত করা একটি মাটির ভিটায় স্থানীয় কোদাল দিয়ে খননকাজ পরিচালনা করে পুলিশ। সাক্ষীদের উপস্থিতিতে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জুবায়ের জানান, কয়েক মাস আগে তিনি ওই স্থানে অস্ত্র ও গুলি পুঁতে রেখেছিলেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দতালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র সংরক্ষণে তাঁর বিস্তারিত সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা নিউজ/ এমকেএ



.webp)










