বর্তমানে তাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন উৎকণ্ঠায় থাকা স্বজনরা।
আটককৃতরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজশিক্ষার্থী ও পাট ব্যবসায়ী মোশাররফ হোসেন, পাট ব্যবসায়ী সাহাবুল আলী ও বাবর আলী এবং নৌকার মাঝি সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম। স্বজন ও এলাকাবাসী জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তারা পাট কিনে নৌকায় করে বাড়ি ফিরছিলেন।
বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকায় তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝিরা দিক ভুল করেন। অন্ধকারে সীমান্ত পেরিয়ে তারা ভারতের প্রায় দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে গেলে টহলরত বিএসএফ সদস্যরা পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে।
আটকের খবর পেয়ে স্বজনেরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, বৈঠকে বিএসএফের সঙ্গে তাদের কথা হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি এখন কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে।
তাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের তাৎক্ষণিক ফেরত দেওয়া সম্ভব হয়নি। আটক আশাদুলের ভাই সাহারুল ইসলাম জানান, পাঁচজনকেই রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে জেনে তারা কিছুটা তথ্য পেলেও, দীর্ঘ দিন ধরে আটকে থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
এদিকে আটককৃতদের ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। গত রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে তিনি এ বিষয়ে আলোচনা করেন। সংসদ সদস্য জানান, নদীপথে ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করা হয়েছে। সহকারী হাইকমিশনারের পরামর্শ অনুযায়ী আটককৃতদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু আটককৃতদের অত্যন্ত দরিদ্র ও নিরপরাধ উল্লেখ করে দ্রুত তাদের দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন। অন্যদিকে, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকার সীমান্ত থেকে ঘটেছে বলে তিনি শুনেছেন। এমপি মহোদয় তাদের ছাড়াতে কাজ করছেন, তবে থানায় এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে আসেননি।
বার্তা নিউজ/এমএনকে










