সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আসামিদের উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনি এ রায় ঘোষণা করেন।
মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি নূর আহাম্মদ মটরের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় একটিতে ৪ বছর ও অন্যটিতে ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে তার ছেলে শাজাহানকে ৪ বছর এবং মানিক ওরফে কালুকে ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনজনকেই প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপর আসামি শওকত আলীকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী কৃষ্ণপুর এলাকার মৃত নফিজ উদ্দিনের ছেলে নূর আহাম্মদ মটর (৬৬), তার ছেলে শাজাহান (৪৪) এবং শহীদুল্লার ছেলে মানিক ওরফে কালু (৪৪)। মামলাটি শেরপুর সদরের ২০২২ সালের ৫৪৭/২২ নম্বর মামলা।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট রাত ৮টায় শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কালিতলা বাজারে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বাচ্চু, হারুনুর রশিদ সাধু ও লোকমান আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই দিনই শেরপুর সদর থানায় মোছা. স্বপ্না পারভীন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে ১০ আগস্ট মামলার এফআইআর করে পুলিশ। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে রায় ঘোষণা করা হয়।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী পংকজ দেবনাথ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাদী ও ভুক্তভোগীরা অবশেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছেন।’
বার্তা নিউজ/এমএনকে












