বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলার সাপাহার উপজেলার বৈকন্ঠপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ফিতা কেটে ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন নতুন এই বর্ডার আউটপোস্ট বা বিওপি স্থাপনের ফলে জেলার উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার এলাকা সুরক্ষায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও বেগবান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে ওই এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার, পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ আরও কার্যকর ও কঠোরভাবে দমন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সীমান্তে নিয়মিত নজরদারি, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নতুন এই ক্যাম্পটি সীমান্তবর্তী এলাকায় অপরাধ কমানোর পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তা নিউজ/পিআরএএন











.webp)


