আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ইতালির রোমগামী এয়ার লিঙ্গাসের একটি উড়োজাহাজ বোমার হুমকির পর ফ্রান্সে অবতরণে বাধ্য হয়। ফরাসি বিমানবাহিনীর যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে প্যারিসের পশ্চিমে এভরু সামরিক বিমানঘাঁটিতে নিয়ে যায়। পরে ১৫১ যাত্রী ও ছয় ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এদিকে বুলগেরিয়ায় বোমার হুমকির কারণে তিনটি উড়োজাহাজ জরুরি অবতরণের অনুমতি চায়। এর মধ্যে কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা উড়োজাহাজ সোফিয়ায় অবতরণ করে। তবে তল্লাশিতে কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
চেক প্রজাতন্ত্রের প্রাগগামী চারটি উড়োজাহাজেও বোমার হুমকি দেওয়া হয়। নিরাপত্তা তল্লাশিতে সেখানেও বিস্ফোরকের অস্তিত্ব মেলেনি। পাশাপাশি ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
অন্যদিকে মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইট ভিয়েনায় ঘুরিয়ে দেওয়া হয়। ফিনএয়ারের হেলসিঙ্কি-রোম ফ্লাইটকেও যুদ্ধবিমানের পাহারায় গন্তব্যে পৌঁছানো হয়।
এর আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরি বোমার হুমকির মুখে পড়ে।
ধারাবাহিক এসব ঘটনায় ইউরোপের বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি এবং হুমকির পেছনে কারা রয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
সূত্র: আল জাজিরা
বার্তা নিউজ/এসএফএল












.webp)