শুক্রবার বিকেলে হামলাকারীরা কোহাতের ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে প্রবেশ করে হামলা চালায়। গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি জেলা পুলিশের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। একই কমপ্লেক্সে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যালয় রয়েছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় একটি আত্মঘাতী বিস্ফোরণও ঘটে। বিস্ফোরণের পর কয়েকজন সশস্ত্র হামলাকারী কমপ্লেক্সের স্পেশাল ব্রাঞ্চ অংশে অবস্থান নেয় বলে জানা গেছে। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে অভিযান শুরু করে।
কোহাত জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহত শতাধিক মানুষের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন তিনি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বার্তা নিউজ/এসএফএল


.webp)






