রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধেও কোস্টগার্ডের দায়িত্ব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে।
তিনি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোস্টগার্ডকে একটি আধুনিক, দক্ষ ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের উন্নত ও সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ সময় কোস্টগার্ড মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং কোস্টগার্ডের এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতিও তুলে ধরেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি কোস্টগার্ডের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা নিউজ/এসএফএল






