এই বসের নাম চুই পেইজুন, যিনি মধ্য চীনের হেনান প্রদেশের জিনজিয়াং-ভিত্তিক ‘হেনান কুয়াংশান ক্রেন কোং লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। কর্মীদের প্রতি বদান্যতার জন্য অনলাইনে তিনি ‘চীনের সবচেয়ে উদার বস’ হিসেবে সুপরিচিত। গত ফেব্রুয়ারিতে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে তিনি কর্মীদের মাঝে প্রায় ৬০ মিলিয়ন ইউয়ান (৮.৮ মিলিয়ন মার্কিন ডলার) নগদ বোনাস হিসেবে বিতরণ করেন। বাড়ি ও গাড়ির লোনের চাপে থাকা তরুণ কর্মীদের আর্থিক দুশ্চিন্তা কমাতেই তিনি এই বিপুল অর্থ প্রদান করেন বলে জানান। এছাড়া ২০০৪ সাল থেকে তিনি নিম্ন আয়ের পরিবারের ৪,৮০০ জনের বেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে ৩৫ মিলিয়ন ইউয়ানেরও বেশি অনুদান দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম দাজিয়াং নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই কর্মীদের ৩৩১ জন সন্তানকে নিয়ে একটি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চুই পেইজুন এই পুরনো ঘটনাটি সামনে আনেন। অনুষ্ঠানে তিনি পিতা-মাতার প্রতি ভক্তি ও শ্রদ্ধার ওপর জোর দিয়ে বলেন, এটিই একজন ভালো মানুষ হওয়ার মূল ভিত্তি।
এরপরই তিনি সেই কর্মীর গল্প শোনান, যাকে তিনি বরখাস্ত করেছিলেন। ওই কর্মীর বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র দুই বছর। অথচ বড় হয়ে মায়ের চেহারা নিয়ে লজ্জিত হয়ে নিজের বিয়েতেই মাকে ডাকেননি তিনি। ক্ষুব্ধ চুই তাকে প্রশ্ন করেছিলেন, ‘দুই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর এই কি মায়ের প্রতি তার আচরণের নমুনা?’ এরপরই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে অন্য কোথাও চাকরি না পেয়ে ওই কর্মী চুইয়ের অফিসে এসে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেও চুই তাকে চাকরিতে ফেরাতে অস্বীকৃতি জানান এবং বলেন যে তার প্রতি চুইয়ের কোনো শ্রদ্ধা নেই।
ঘটনা এখানেই শেষ নয়। ওই কর্মীর মা অবসর নেওয়ার পর ছেলে তাকে শেষ বয়সে দেখভাল করবে না- এই আশঙ্কা থেকে চুই তার কোম্পানিতেই লজিস্টিক বিভাগে ওই নারীকে সমপরিমাণ বেতনে একটি কাজের ব্যবস্থা করে দেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
বার্তা নিউজ/ এসভিএন














