ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যে সোমবার থেকেই আলোচনা শুরু হওয়ার কথা এবং হরমুজ প্রণালী সংক্রান্ত একটি সমঝোতা ইতোমধ্যে তৈরি হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান; দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চলছে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ ও ‘সাময়িক’ রুট তৈরির লক্ষ্যে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনার খবর প্রকাশের পরপরই সোমবার ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে বলে সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী একটি সংস্থা নিশ্চিত করেছে।
লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ঘোষিত অবরোধ এড়াতে বাধ্য হয়ে সৌদি আরব পরিচালিত অন্তত ছয়টি তেলবাহী ট্যাঙ্কার আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করছে। জাহাজ ট্র্যাকিং সংক্রান্ত তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগে হুথি বিদ্রোহীরা স্পষ্ট ঘোষণা দিয়েছিল, বাব আল-মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো সৌদি জাহাজে হামলা চালানো হবে।
সূত্র: সিএনএন
বার্তা নিউজ/পিআরএএন











