সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা করে গাড়িবহরটি। সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে এই পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়।
গাড়িবহরের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় পরিবহনপথে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে সেসব চালান কঠোর নিরাপত্তায় সড়কপথে রূপপুরে পৌঁছানো হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে আসার কথা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটির পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলছে। সব কার্যক্রম স্বাভাবিকভাবে এগোলে শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
বার্তা নিউজ/এমএনকে

.webp)












