এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপট দেখালেও নকআউট পর্বে আর্জেন্টিনাকে বেশ ভুগতে হয়েছে, এমনকি দুটি ম্যাচে অতিরিক্ত সময়ও খেলতে হয়েছে তাদের। তাই ইংল্যান্ডের বিপক্ষে একাদশ সাজাতে ও কৌশলে বেশ কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আর্জেন্টিনা সহজাতভাবেই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং ম্যাচ নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে চাপে রাখতে ভালোবাসে। তবে নকআউট পর্বের ম্যাচগুলোতে তাদের এই চেনা ছন্দে কিছুটা ঘাটতি দেখা গেছে। রক্ষণভাগ কিছুটা আলগা হয়ে পড়ায় প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করেছে। তাই ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগকে সামলাতে রক্ষণকে আরও সুসংগঠিত ও দৃঢ় করার ওপর জোর দিচ্ছেন স্কালোনি। পাশাপাশি, ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ ঘিরে দলে বাড়তি আবেগ কাজ করলেও, খেলোয়াড়দের অতিরিক্ত চাপ ও উদ্বেগ পরিহার করে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিচ্ছেন তিনি। কোচের মতে, দলকে নতুন করে উজ্জীবিত করার চেয়ে স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখলেই সাফল্যের সম্ভাবনা বাড়বে।
কৌশলগত দিক থেকে ইংল্যান্ডের ৪-২-৩-১ ছকের বিপরীতে জুড বেলিংহাম ও হ্যারি কেইনকে বোতলবন্দী করা স্কালোনির অন্যতম বড় ভাবনা। মাঝমাঠের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগানো বেলিংহাম এবং সেন্টার-ব্যাকদের ব্যস্ত রাখা কেইনকে নিষ্ক্রিয় করতে প্রয়োজনে ৫-৩-২ ছকে দল সাজানো কিংবা একাদশে পরিবর্তনের কথা ভাবছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ যে অপরিবর্তিত থাকছে না, সেটি অনেকটাই অনুমেয়।
এর পাশাপাশি, বিশ্বকাপে ৮ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা অধিনায়ক লিওনেল মেসিকে আরও ভালোভাবে সাপোর্ট দেওয়ার দিকে নজর দিচ্ছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ কিংবা সেট-পিস থেকে দল গুরুত্বপূর্ণ সময়ে গোল পেলেও স্কালোনি চান দলের মিডফিল্ডাররা যেন মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। মিডফিল্ডাররা খেলার গতি নিয়ন্ত্রণ করে মেসিকে আরও সুবিধাজনক স্থানে বল পৌঁছে দিলে তিনি প্রতিপক্ষের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারবেন বলেই বিশ্বাস আর্জেন্টিনা কোচের।
বার্তা নিউজ/এফএইচআর












