বিবিসি রেডিও ৫ লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ও'রাইলি জানান, তিনি এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লেফট ব্যাক হিসেবে মাঠে নামলে মেসিকে সামলানোর মূল দায়িত্বটা সম্ভবত তার ওপরই পড়বে। মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তিনি বলেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা এমন একজন কিংবদন্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে মেসি এই বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন। সেই ম্যাচেই তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ২০১৪ সাল থেকে অক্ষত রাখা ১৬ গোলের রেকর্ড স্পর্শ করে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। এরপর চলতি টুর্নামেন্টে আরও ৫টি গোল করে মেসি ক্লোসাকে ছাড়িয়ে যান এবং বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২১-এ নিয়ে যান। এবারের আসরে এ পর্যন্ত ৮টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সাথে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
তবে লিওনেল স্কালোনির দলে মেসিই একমাত্র হুমকি নন, বরং আর্জেন্টিনার অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েও সতীর্থদের সতর্ক করেছেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। কানসাসে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের পিকফোর্ড বলেন, শৈশব থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই মেসির মুখোমুখি হওয়াটা দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে মেসির পাশাপাশি পুরো আর্জেন্টিনা দল যে কতটা শক্তিশালী, সে সম্পর্কে তারা সচেতন। তাই শুধু মেসির ওপর মনোযোগ না দিয়ে আর্জেন্টিনার অন্যান্য শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোর সুবিধা নেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি।
বুধবারের (১৫ জুলাই) এই সেমিফাইনালের জয়ী দল আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা স্পেনের। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন।
সূত্র: বিবিসি
বার্তা নিউজ/এফএইচআর












