বর্তমানে নতুন জন্ম নেয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দৌড়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে তারা। সামান্য দূরে সতর্ক অবস্থায় শাবকের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে মা নীলগাই।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির হরিণ বেষ্টনীতে নীলগাইয়ের সাথে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন নেয়া হচ্ছে, সর্বক্ষণ একজনকে তাদের দেখভালের জন্য হরিণ সাফারিতে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবকগুলো মাদি না পুরুষ, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে গাজীপুর সাফারি পার্কে এরা বেশ কয়েকটি শাবকের জন্ম দেয়। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল, এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে দেয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীলগাই রয়েছে, এর সাথে নতুন ৪টি শাবক যোগ হওয়ায় বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।
বার্তা নিউজ/এসভিএন














