বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড় গঙ্গারামপুর এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার সোনাবাজু পূর্বপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লিচুবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












