ইয়োম্রা পৌরসভার মেয়র মুস্তাফা বেয়িক ‘অন স্পোর্ট’ চ্যানেলকে জানিয়েছেন, সালাহর সম্মান এবং ট্রাবজনস্পোরে তার উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের কাছে যে বিশাল গুরুত্ব বহন করে, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সালাহর চমৎকার ফুটবল শৈলী এবং মাঠে দর্শকদের আনন্দ দেয়ার কারণে তার আগমনকে সবাই দারুণ আনন্দে বরণ করে নিয়েছে। মেয়র বলেন, ‘পৌরসভা চেয়েছিল স্থানীয়দের এই গর্ব আর আনন্দকে একটি আনুষ্ঠানিক সম্মাননায় রূপ দিতে, আর তাই তার নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়।’ সালাহ ইয়োম্রা প্রশাসনিক এলাকাতেই থাকেন, যা কর্মকর্তাদের এই পদক্ষেপ নিতে আরও উৎসাহিত করেছে।
সালাহকে সম্মান জানানোর প্রস্তাবটি স্থানীয় কাউন্সিলে ওঠার পর সবাই এটিকে সমর্থন করেন, কেউ কোনো আপত্তি জানাননি। এরপর পৌরসভা সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া শুরু করে। মেয়র বেয়িক আরও জানান, বিদেশি কোনো ব্যক্তির নামে রাস্তার নাম রাখতে হলে তুরস্কের নিয়মানুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তাই পৌরসভা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায়। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই অনুমোদন চলে আসে। সাধারণত এই প্রক্রিয়ায় বেশ সময় লাগে, কারণ মনোনীত ব্যক্তির অতীত ইতিহাস ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করতে হয়। তুর্কি এই কর্মকর্তার মতে, এত দ্রুত অনুমোদন পাওয়ার বিষয়টি প্রমাণ করে যে এই পদক্ষেপটি কতটা ব্যতিক্রমী।
মেয়র জানান, ট্রাবজনস্পোরের পরিচালনা পর্ষদের মাধ্যমে সালাহকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তিনি বলেন, ‘যে এলাকায় তিনি থাকেন, সেখানকার একটি রাস্তার মাধ্যমে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে জেনে সালাহ দারুণ আনন্দ প্রকাশ করেছেন।’ এই রাস্তাটি সালাহর জন্য আরও একটি বিশেষ অর্থ বহন করে। কারণ তিনি প্রতিদিন এই পথ দিয়েই বাসায় ফেরেন, যার মানে হলো তার নিজের নামের রাস্তার সাইনবোর্ডগুলো তিনি প্রায় প্রতিদিনই দেখতে পাবেন। মেয়রের মতে, ট্রাবজন শহর এবং এই এলাকার ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এই প্রথম কোনো বিদেশি ফুটবলারের নামে একটি রাস্তার নামকরণ করা হলো।
উদ্বোধনের বিষয়ে মেয়র বেয়িক নিশ্চিত করেছেন যে, পৌরসভা সালাহর সঙ্গে যোগাযোগ করে তাকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে। তিনি আশা প্রকাশ করেন, সালাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী কয়েক দিন রাস্তার সাইনবোর্ড তৈরি, সেগুলো বসানো এবং অন্যান্য প্রস্তুতির কাজ চলবে। গত শুক্রবার রাস্তার নামের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে পৌরসভা। আগামী ২০ দিনের মধ্যে রাস্তাটির উদ্বোধন করা হবে বলে আশা করছেন মেয়র। এর মাধ্যমে এলাকাটি সালাহর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে চায় এবং ট্রাবজনস্পোরে তার উপস্থিতিকে উদ্যাপন করতে চায়।
সূত্র: গোল ডট কম
বার্তা নিউজ/এসভিএন







.webp)






