মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে কুপিয়ে জখমসহ উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জিহাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন অভিযোগ করে বলেন, ‘নাফিস ছাত্রদল থেকে কয়েকদিন আগে বহিষ্কৃত হয়েছে। আজ সে তার দলবল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আমাদের পৌর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত একজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। হামলার বিষয়ে তেমন কিছু জানি না, তবে পুরাতন বাসস্ট্যান্ডে সংঘর্ষের খবর শুনেছি। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।













