রেস্তোরাঁর পক্ষ থেকে বলা হয়, ১৫ হাজার ডলারেরও বেশি মূল্যের একটি বড় অর্ডারের ক্রেতা হ্যাম ও আনারসযুক্ত পিৎজা চেয়েছিলেন। কিন্তু ইতালীয় শেফ তাম্বুরেল্লা তা দিতে অস্বীকৃতি জানান। তার যুক্তি ছিল, পিৎজায় আনারস ব্যবহার করা ‘তার সংস্কৃতির প্রতি একটি অপমান’। এর আগেও তিনি একই কারণে গ্রাহকের অনুরোধ রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
রেস্তোরাঁর মালিক এলিয়ট ইনগ্রাম জানান, ব্যবসার স্বার্থে এবং ক্রেতার চাহিদা অনুযায়ী তিনি পিৎজা দিতে বলেছিলেন। কিন্তু শেফ তা মানতে নারাজ ছিলেন। ১৭ বছরের দীর্ঘ রেস্তোরাঁ ব্যবসায় অভিজ্ঞতা থেকে ইনগ্রাম বুঝতে পেরেছিলেন যে, এই মুহূর্তে ক্রেতার সন্তুষ্টিই বড় বিষয়। তবে এই বিরোধের জেরে গত ২০ মে তাম্বুরেল্লাকে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে স্থায়ী বসবাসের জন্য তার ভিসা স্পনসরশিপের প্রক্রিয়াও থমকে যায়।
পরে বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফেয়ার ওয়ার্ক কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ওই শেফ। তার দাবি ছিল, কর্মক্ষেত্রে আঘাত পাওয়ার কারণেই তাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে। তবে কমিশনের কমিশনার জেনিফার হান্ট তাম্বুরেল্লার আবেদনটি খারিজ করে দেন, কারণ এটি নির্ধারিত সময়ের পরে করা হয়েছিল এবং এর পেছনে কোনো যৌক্তিক বা ব্যতিক্রমী কারণ ছিল না। বর্তমানে তাম্বুরেল্লা অন্য একটি ইতালীয় রেস্তোরাঁয় কাজ করছেন, যেখানকার মেনুতে কোনো আনারস নেই।
সূত্র: দ্য গার্ডিয়ান
বার্তা নিউজ/এসভিএন













