বিআরটিএ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৩১টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহত তিনটি পরিবারের মাঝে ৯ লাখ টাকা এবং আহত দুটি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। তিনি বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে সড়ক বৃদ্ধি ও সম্প্রসারণ করতে হবে। যাত্রী ও গাড়ির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গাড়ি মালিক ও শ্রমিকদের সাবধানতার সাথে আইন মেনে গাড়ি চালাতে হবে।"
সভাপতির বক্তব্যে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, "সড়ক দুর্ঘটনায় পরিবারের যে ক্ষতি হয়েছে তা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। আপনাদের অপূরণীয় ক্ষতি ভেবে সরকার এই অনুদান দিয়েছে।"
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্য বলেন, "আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি গাড়ির সুপারভাইজার ছিলেন। সরকারের এই অনুদানে আমরা খুশি হয়েছি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বার্তা নিউজ/এমকেএ












