সশস্ত্র সীমা বল (এসএসবি) সূত্রে জানা গেছে, অভিবাসন দপ্তরের নির্দিষ্ট রুট এড়িয়ে সীমান্ত পার হওয়ার সময় জওয়ানরা তাকে থামার নির্দেশ দিলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। এরপরই জওয়ানরা তাকে ধাওয়া করে নিজেদের হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, আটকের সময় এই মার্কিন নাগরিকের কাছে কোনো পাসপোর্ট, ভিসা বা বৈধ পরিচয়পত্র ছিল না। জিজ্ঞাসাবাদের সময় জর্ডান নিজেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং মার্কিন নৌসেনা ও ‘স্পেশাল ফোর্সেস’-এর প্রাক্তন সদস্য বলে দাবি করেন।
তিনি জানান, প্রায় ছয় বছর কাজ করার পর বছর দুয়েক আগে তিনি সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা করেছেন এবং এ পর্যন্ত বিশ্বের প্রায় ৭০টি দেশ ভ্রমণ করেছেন বলেও দাবি করেছেন। বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তার এসব দাবির সত্যতা যাচাই করে দেখছে।
জিজ্ঞাসাবাদে নিজের ভারতে প্রবেশ ও ভ্রমণের বিষয়ে পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়েছেন জর্ডান। একবার তিনি জানান, ট্যুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ড গিয়ে তিনি তার পাসপোর্টটি হারিয়ে ফেলেন এবং এরপর জলপথে শ্রীলঙ্কা হয়ে ২০২৫ সালের ২ নভেম্বর সমুদ্রপথেই ভারতে প্রবেশ করে গোয়ায় বসবাস করছিলেন।
আবার অন্য একটি বয়ানে তিনি দাবি করেন, মাত্র দুই মাস আগে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে গোয়ায় আসেন। সেখানে ছয় সপ্তাহ থাকার পর বেঙ্গালুরু যান এবং সেখান থেকে গত ৮ জুলাই বাসে চেপে লখনউ পৌঁছান। এরপর গোরক্ষপুর হয়ে ট্যাক্সি ভাড়া করে সোনৌলি সীমান্তে আসেন। পাসপোর্টের বিষয়ে তার দাবি, বেঙ্গালুরুতে তার এক পরিচিত ব্যক্তির কাছে সেটি রয়েছে, যদিও সেই ব্যক্তির কোনো সঠিক নাম-ঠিকানা তিনি দিতে পারেননি।
এর পাশাপাশি জর্ডান ব্রাউন জানান, তিন বছর আগে ইতালিতে উত্তরাখণ্ডের বাসিন্দা এক ভারতীয় নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং ২০২৪ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার দাবি অনুযায়ী, ওই নারী পেশায় একজন যোগব্যায়াম প্রশিক্ষক।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি তার এই দাবির সত্যতাও খতিয়ে দেখছে। তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানানো হয়েছে, একাধিক কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বা রাষ্ট্রবিরোধী সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে তার আসল পরিচয়, ভারতে আসার প্রকৃত রুট এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কারণ নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সূত্র: লাইভ মিন্ট
বার্তা নিউজ/এমএনকে





.webp)
.webp)




