বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ডিএমখালী বাজার এলাকার মাঝিকান্দি এলাকায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। অসহায় ওই বৃদ্ধ বর্তমানে ঘরের সামনে মাটিতে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ডিএমখালী মাঝিকান্দি এলাকার বাসিন্দা আব্দুর ছাত্তার খানের কোনো পুত্রসন্তান নেই। তার ছয় মেয়ে রয়েছে। তিনি তার মালিকীয় জমি ওই ছয় মেয়ের নামে লিখে দিয়েছেন। গত মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক মেয়ের বাড়িতে চলে যান। সম্প্রতি তার জমি লিখে দেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন তার ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার।
পরিবারের অভিযোগ, জমি লিখে দেওয়ার আক্রোশে অভিযুক্তরা আব্দুর ছাত্তার খানের ঘরে তালা ঝুলিয়ে দেন, রান্নার চুলা ভেঙে ফেলেন এবং বাড়ির গাছপালা কেটে নিয়ে যান। এমনকি কাটা গাছের গুঁড়িগুলো তার ঘরের সামনে স্তূপ করে রেখে চলাচলের পথ ও ঘরের দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাড়ি ফিরে ঘরে তালা মারা দেখতে পান ওই বৃদ্ধ। স্ট্রোকের কারণে শারীরিকভাবে চলাচলে অক্ষম হওয়ায় বর্তমানে তিনি ঘরের সামনে খোলা আকাশের নিচে মাটিতে বিছানা পেতে শুয়ে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছে।
এদিকে অভিযুক্ত ভাই মোস্তফা খানের দাবি, দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় ঘরে চুরির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় সুরক্ষার জন্যই ঘরে তালা মারা হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা নিউজ/ এসভিএন

.webp)












