বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ জানান, অভিযানে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় অবৈধ একনলা শটগান, একটি দুইনলা শটগান, ৫ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি সীমান্তের অন্যান্য এলাকাতেও অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৯৮ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে ৪৮ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, বিগত তিন মাসে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকার মাদকসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।
বার্তা নিউজ/এমএনকে














