স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই ৫ শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।
প্রতিবেদনে সার্বিক মৃত্যু পরিস্থিতির চিত্র তুলে ধরে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৩১টি শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৭২৪ জন।
অন্যদিকে, দেশে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৫৪টি শিশু। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ শিশুর শরীরে হাম শনাক্ত হলো।
আক্রান্তদের চিকিৎসা প্রদান সম্পর্কে প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৬ হাজার ৪১১টি শিশু। তবে এর মধ্যে বড় একটি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও চিকিৎসার মাধ্যমে আক্রান্ত শিশুদের সুস্থ করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
বার্তা নিউজ/ এমএনকে














