স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’–এর বরাত দিয়ে ‘গোল ডটকম’ জানিয়েছে, চলতি সপ্তাহেই বার্সেলোনায় ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আলভারেজের এজেন্টরা। সেখানে সম্ভাব্য দলবদলের পথ এবং সেটি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হবে।
২৬ বছর বয়সী আলভারেজকে বেশ কয়েক মাস ধরেই বার্সেলোনার দলবদল তালিকার শীর্ষ লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ দল গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে বিবেচনা করছে কাতালান ক্লাবটি।
তবে সবচেয়ে বড় বাধা আতলেতিকো মাদ্রিদের অবস্থান। স্প্যানিশ ক্লাবটি এখনো আলভারেজকে বিক্রির বিষয়ে কোনো ধরনের আলোচনা করতে রাজি নয়। ফলে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো অগ্রগতিও হয়নি।
এ পরিস্থিতিতে খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই নতুন কৌশল সাজাচ্ছে বার্সেলোনা। ক্লাবটির বিশ্বাস, আলভারেজ যদি নিজেই প্রকাশ্যে বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, তাহলে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে।
সেই সম্ভাবনাকে সামনে রেখে বার্সেলোনা তাদের প্রস্তাবও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব থাকলেও প্রয়োজন হলে সেটি ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়াতে রাজি রয়েছে কাতালান ক্লাবটি।
বার্তা নিউজ/আরএফই












