সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে দুপুর ২টা থেকে।
এর আগে রেলওয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, পর্যায়ক্রমে গত ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত যথাক্রমে আগামী ২৩ থেকে ২৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবারই কিনতে পারবেন এবং এক্ষেত্রে একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। বিক্রিত এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না। তবে যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।
বার্তা নিউজ/আরএসএল







.webp)






