সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দিন আগে দুই গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ দেখা দেয়। পরে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।
সোমবার বিকেলে আতকাপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মো. হেদায়েতুল্লাহ ছয়সূতি হাইস্কুলে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ষোলরশি গ্রামের কয়েকজন যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বার্তা নিউজ/এমএনকে














