আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তার গ্রামের বাড়ি কুমিল্লার দীঘল-গাঁও এলাকায়।
বিমানবন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান তুষার। বিমান থেকে নামার পর টার্মিনালে তার চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হয় দায়িত্বরত কর্মকর্তাদের।
সন্দেহের বশবর্তী হয়ে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমসের যৌথ দল তাকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশি করা হলে তার পরিহিত আন্ডারওয়্যার বা অন্তর্বাসের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই স্বর্ণগুলো সাধারণ পিন্ড বা বারের বদলে পেস্ট ও পাউডার আকারে লুকিয়ে রাখা হয়েছিল।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
আটক যাত্রী মোহাম্মদ তুষারের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালানের সাথে আরও কোনো চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তা নিউজ/এমএনকে













