মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি সুস্থ ও শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে খেলার সময় দুই শিশু বালুর মধ্যে কিছু নড়তে দেখে। এরপর তারা কান্নার শব্দ শুনতে পায়। স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেনসহ কয়েকজন এগিয়ে এসে বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতককে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। শিশুটি বর্তমানে গোলাপ হোসেনের তত্ত্বাবধানে রয়েছে। কারা তাকে সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নবজাতক উদ্ধারের খবর তাঁরা পেয়েছেন। শিশুটির সুরক্ষা ও দেখভালের বিষয়ে আইনগত ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্তা নিউজ/আরএসএল














