চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা জানিয়েছেন, এমন ঘটনা তারা এবারই প্রথম দেখলেন। গত বছরও প্রচণ্ড গরম ছিল, তবে তাদের কোনো সিংহ এভাবে অসুস্থ হয়নি। জাপানে গ্রীষ্মকাল দিন দিন আরও উত্তপ্ত ও বিপজ্জনক হয়ে উঠছে। কিছু শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সেগুলোকে ‘নিষ্ঠুরভাবে গরমের দিন’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
তামা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মুগি নামের তিন বছর বয়সী একটি সিংহী গত ১৯ জুলাই খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং পরদিন সে আর উঠে দাঁড়াতে পারছিল না। চিড়িয়াখানার কর্মীরা তাকে ঠান্ডা করতে বাতাস ও পানির ব্যবস্থা করেন। পরে তাকে স্যালাইন, লিভার টনিক এবং ভিটামিন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ২৮ জুলাই মুগির মৃত্যু হয়। এর কয়েকদিন পর ৩১ জুলাই ইচিগো নামের ১১ বছর বয়সী আরও একটি সিংহী মারা যায় এবং সর্বশেষ রোববার লুয়েনা নামের ১৫ বছর বয়সী তৃতীয় সিংহীটির মৃত্যু হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সিংহীর ময়নাতদন্তেই পানিশূন্যতা ও অঙ্গ বিকল হওয়ার প্রমাণ মিলেছে, যা থেকে হিট স্ট্রেস বা গরমজনিত কারণকেই নির্দেশ করে। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসার পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আরও তিনটি সিংহ, যাদের মধ্যে দুটি পুরুষ ও একটি নারী, অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা দাঁড়াতে পারছে না। কর্মীদের মাধ্যমে তাদের স্যালাইন, ওষুধ এবং ভিটামিন দেওয়া হচ্ছে। তবে অসুস্থ সিংহগুলোর মধ্যে কয়েকটির অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানানো হয়। এছাড়া চারটি সিংহ সুস্থ হওয়ার পথে রয়েছে এবং আরও ছয়টি সিংহ শুরু থেকেই পুরোপুরি সুস্থ আছে। এই সিংহগুলোকে পোর্টেবল এয়ার-কন্ডিশনার এবং বড় ফ্যানযুক্ত একটি আলাদা ঘেরের মধ্যে রাখা হবে। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে সিংহগুলোর পক্ষে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তিনি জানান, সিংহরা ঘামতে পারে না, এর বদলে তারা জোরে শ্বাস নিয়ে শ্বাসনালী থেকে আর্দ্রতা বের করে দেয়, যা বাষ্পীভূত হয়ে শরীরের তাপমাত্রা কমায়। কিন্তু আর্দ্রতা বেশি থাকলে এই প্রক্রিয়ায় শরীরের তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে কমানো সম্ভব হয় না। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়াও আরেকটি বড় কারণ হতে পারে বলে জানান কারাকি, যার ফলে প্রাণীরা হঠাৎ এই গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি।
তামা চিড়িয়াখানায় প্রায় ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। ১৯৬৪ সাল থেকে এখানকার সিংহগুলো দর্শনার্থীদের প্রধান আকর্ষণগুলোর একটি। চিড়িয়াখানার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দর্শনার্থীদের জন্য ঘেরের ভেতর সিংহ দেখার একটি সাফারি-স্টাইলের বাস সার্ভিসও রয়েছে। তবে গত মাসে হঠাৎ তাপপ্রবাহের কারণে সিংহগুলো অসুস্থ হয়ে পড়ায় এই প্রদর্শনী ও বাস সার্ভিস স্থগিত ঘোষণা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উল্লেখ্য, কেবল এই গ্রীষ্মেই জাপানজুড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র: বিবিসি
বার্তা নিউজ/এফএইচআর











