বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের কয়েকটি চারা রোপণ করেন হাসানুর শেখ ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) ওই চারাগুলোতে পানি দিতে গেলে প্রতিপক্ষ চাচাতো ভাই মামুন শেখসহ তার পরিবারের লোকজন এসে বাধা দেন এবং গালিগালাজ শুরু করেন। চারাগুলো তাদের সীমানা ঘেঁষে লাগানো হয়েছে দাবি করে বাগবিতণ্ডায় জড়ান তারা।
একপর্যায়ে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুল শেখ এগিয়ে গিয়ে এর প্রতিবাদ জানালে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র (ভেলা) নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে হাসানুর ও তার ছেলে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই হাসানুরের মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।














