প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই যেসব দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক রয়েছে, তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করার চেষ্টা চলছে। যেসব ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলতি বাজেটে নারীদের জন্য শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা সরকারের রয়েছে। নারীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অবৈধ অভিবাসন রোধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এই প্রবণতা বন্ধে জেলা পর্যায়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়। পাশাপাশি বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা প্রদানের জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।
বার্তা নিউজ/এফএইচআর













