বুধবার (৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিনের স্ত্রী। তিনি দুর্ঘটনাস্থলের ওই টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-ট-১১-৬১১০ নম্বরের আটাবোঝাই ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে কালেঙ্গা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তার পাশের ওই বসতঘরের ওপর সজোরে উল্টে পড়ে। এ সময় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় থাকা সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।
বার্তা নিউজ/এমএনকে













