ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি উড়াল দেবে। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে হাজিদের এই স্বদেশ প্রত্যাবর্তন যাত্রা শুরু হচ্ছে। ফিরতি যাত্রার প্রথম দিনেই ১৩টি ফ্লাইটের মাধ্যমে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত ২১ মে বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার যাবতীয় কাজ সম্পন্ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের সাথে দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে কোনো প্রকার শিডিউল বিপর্যয় বা ভোগান্তি ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী যথাসময়ে সৌদি আরবে পৌঁছাতে পেরেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুরু হওয়া এই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে চলবে।
বার্তা নিউজ/এসএফএল














