কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুলাই) সকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকায় করে পরীক্ষার্থীদের জলাবদ্ধ কেন্দ্রে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী নিজেই তাকে কল করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন এবং ওই কেন্দ্রটি পরিবর্তন করার পাশাপাশি পরীক্ষার সময় ৩০ মিনিট বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এর আগে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লার মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রটি পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে অনেকেই কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক পরীক্ষার্থীকে কোমর পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে পরীক্ষার্থীদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থায় আনা নৌকায় চড়েও অনেককে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার কুমিল্লায় মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলোতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বার্তা নিউজ/আরএসএল














