আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় মাঠের জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করে এই প্রতিবাদ জানানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠটিতে হাঁটু সমান পানি জমে যায়। দিনের পর দিন এই পানি নিষ্কাশন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা ও খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হয়।
প্রতিবাদী এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাছ অবমুক্তকরণ কর্মসূচীর ব্যাপারে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বারবার বাজেট সংকটের অজুহাত দেওয়া হয়। অথচ এই মাঠ সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বরাদ্দ পাওয়ার পরও প্রশাসনের উদাসীনতায় মাঠের কোনো দৃশ্যমান অগ্রগতি বা সংস্কার পরিলক্ষিত হচ্ছে না। আমরা দ্রুত এই জলাবদ্ধতা নিরসন এবং মাঠ খেলার উপযোগী করার দাবিতে আজকের কর্মসূচি পালন করেছি।
বার্তা নিউজ/এইচএপি














