দেশে ফেরার পর বিমানবন্দরে ভাইকিংস খ্যাত দলটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে বিশাল অভ্যর্থনা জানানো হয়। এরপর শুরু হয় তাদের জমকালো বিজয় শোভাযাত্রা।
সমর্থকদের উপচে পড়া ভিড় রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে শহরের কার্ল জোহানস গাতে সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। উদ্যাপনের এক পর্যায়ে নরওয়ে দলের খেলোয়াড়রা রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রয়্যাল গার্ডের আনুষ্ঠানিক অবস্থানের মাঝেই রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষমাণ লাখো সমর্থকের শুভেচ্ছার জবাব দেন ফুটবলাররা।
তবে এই উৎসবের শেষ ভাগে দেখা যায়নি দলের প্রধান তারকা আর্লিং হালান্ডকে। সতীর্থদের সঙ্গে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী ভাইকিং রো উদ্যাপনে তিনি অংশ নিতে পারেননি। মূলত পূর্বনির্ধারিত ফ্লাইট ধরার জন্যই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাকে বিদায় নিতে হয়।
তার এই অনুপস্থিতির বিষয়ে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে তাদের ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। ফলে নিজেদের কানেক্টিং ফ্লাইট ধরতে হালান্ড এবং সান্ডার বের্গেকে আগেই চলে যেতে হয়। হালান্ডের অবর্তমানে হাজারো সমর্থকের সঙ্গে এই বিশেষ ভাইকিং রো আয়োজনে ড্রাম বাজিয়ে নেতৃত্ব দেন ক্রাউন প্রিন্স হাকন।
আনুষ্ঠানিকতা শেষে নরওয়ে দলকে নিয়ে অসলোর বিভিন্ন সড়কে খোলা ছাদের বাসে করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন করে আশা জাগানো এই লড়াকু দলকে অভিবাদন জানাতে রাস্তায় নেমে আসে লাখো ভক্ত।
বার্তা নিউজ/আরপিডি













