জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজ শেষে ফেরার পথে রংপুরের শঠিবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন আব্দুস সালাম। এতে তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও জটিলতা অব্যাহত থাকলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পরামর্শে ডা. এম. আর. হাসান আব্দুস সালামকে নিটোরে ভর্তির ব্যবস্থা করেন। গত ২ নভেম্বর বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বুধবার হাসপাতালে তাঁর খোঁজ নিতে যান ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এ সময় নিটোরের পরিচালক ও ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডা. সামিউল হাসান বাবু, ডা. মুরাদ হোসেন, ডা. ফারুক আহমেদ, ডা. এম. আর. হাসান, ডা. কামরুজ্জামানসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সুচিকিৎসার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আহত যুবদল নেতা আব্দুস সালাম। সুস্থ হয়ে তিনি আবারও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূলের একজন কর্মীর প্রতি শীর্ষ নেতৃত্বের এই উদ্যোগ মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
বার্তা নিউজ/এমএনকে










.webp)
