ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন নবি। রঞ্জি ট্রফির সর্বশেষ দুই মৌসুমে তিনি নিয়েছেন ১০৪ উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ডানহাতি পেসার। দুটি প্রথম-শ্রেণির ম্যাচে নেন ৬ উইকেট। ফলে এবার জাতীয় দলে ডাক পাওয়া ছিল অনেকটাই প্রত্যাশিত।
শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হলে ইতিহাসও গড়বেন আকিব নবি। তিনি হবেন জম্মু ও কাশ্মীর থেকে ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম ক্রিকেটার। অর্থাৎ, শুধু নিজের নয়, পুরো অঞ্চলের জন্যই এটি হতে পারে গর্বের এক অধ্যায়।
অন্যদিকে, ৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পান। এরপর থেকেই তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে চিকিৎসা ও পুনর্বাসনে রয়েছেন। শুরুতে দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা করা হলেও, এখনও হাঁটুতে অস্বস্তি থাকায় তাকে শ্রীলঙ্কা সফরের বাইরে রাখা হয়েছে।
শ্রীলঙ্কা সফরে ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার এবং নতুন মুখ আকিব নবি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট গলে। তার আগে ৭ আগস্ট কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।
বার্তা নিউজ/আরএফই













