ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া অর্থ পরিশোধে রাজি হয়নি জুভেন্টাস। ফলে আপাতত ভিলাতেই থেকে যাচ্ছেন কাতার ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
তবে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই ক্লাব ছাড়ার জল্পনা শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব আসেনি, যা অ্যাস্টন ভিলা ও মার্তিনেজ—দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়েছে।
২০২০ সালে প্রায় ১৭ মিলিয়ন ইউরোতে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।
ট্রান্সফার নিয়ে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে ছুটি কাটাচ্ছেন মার্তিনেজ। কয়েক সপ্তাহ আগে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন তিনি। ছুটি শেষ হলে আবারও অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দেবেন। বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো চুক্তি না হওয়ায় আগামী মৌসুমেও ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
বার্তা নিউজ/আরএফই













