সম্প্রতি ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির শক্তি আরও বেড়েছে। এবার ডি ব্রুইনাকে দলে ভেড়াতে নতুন করে তৎপর হয়েছে ক্লাবটি।
ট্রান্সফার বিশেষজ্ঞ নিকোলো স্কিরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনেই ডি ব্রুইনার সঙ্গে যোগাযোগ করেছিল ইন্টার মায়ামি ও সান দিয়েগো এফসি। সে সময় দুই ক্লাবের সঙ্গেই আলোচনা হলেও কোনো প্রস্তাবেই রাজি হননি বেলজিয়ান তারকা।
এরপর ধারণা করা হয়েছিল, ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যেতে চান ডি ব্রুইনা। সে লক্ষ্যেই তিনি ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন। তবে সিরি আ-তে এক মৌসুম কাটিয়েও নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফলে চলতি গ্রীষ্মেই নাপোলি ছাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
এমন পরিস্থিতিতে আবারও ডি ব্রুইনাকে দলে টানতে আগ্রহ দেখাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবটির পরিকল্পনা, মেসি, সুয়ারেজ, কাসেমিরো ও রদ্রিগো দে পলের পাশে ডি ব্রুইনাকেও যুক্ত করে আরও শক্তিশালী দল গড়া।
তবে ডি ব্রুইনার জন্য লড়াইয়ে শুধু মায়ামিই নয়, এমএলএসের শিকাগো ফায়ার ও সান দিয়েগো এফসিও সমানভাবে আগ্রহী। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বেলজিয়ান এই তারকা কোন ক্লাবকে নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নেন।
বার্তা নিউজ/আরএফই













